ভালোবাসা দিবসে কি বিয়ের পিঁড়িতে বসছেন ধানুশ ও ম্রুণাল ঠাকুর?

দক্ষিণী তারকা ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে নতুন গুঞ্জন। ভালোবাসা দিবসেই কি ঘনিষ্ঠ আয়োজনে বিয়ে করতে যাচ্ছেন এই দুই অভিনেতা?

dhanush-mrunal-valentines-day-marriage-rumour

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ ও হিন্দি সিনেমার অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে প্রেমের গুঞ্জন নতুন নয়। তবে সেই গুঞ্জন এবার আরও এক ধাপ এগিয়ে বিয়ের আলোচনায় রূপ নিয়েছে। শোনা যাচ্ছে, আগামী ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারিতেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন এই দুই তারকা।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের শুরু থেকেই ধানুশ ও ম্রুণালের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা চলছে। সংবাদমাধ্যম ‘ফ্রি প্রেস জার্নাল’ দাবি করেছে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একান্ত আয়োজনে আগামী ১৪ ফেব্রুয়ারি বিয়ে করতে পারেন তারা। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত ধানুশ কিংবা ম্রুণাল—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

গত বছর ম্রুণাল অভিনীত ‘সন অব সরদার ২’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ধানুশের উপস্থিতি থেকেই মূলত তাদের সম্পর্ক নিয়ে আলোচনার সূত্রপাত হয়। সে সময় ম্রুণাল জানান, বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং ধানুশ সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা অজয় দেবগনের আমন্ত্রণে।

তবে এরপর একাধিক অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়। এমনকি ধানুশের সিনেমা ‘তেরে ইশক মে’-তে যুক্ত না থাকা সত্ত্বেও সেই সিনেমার র‍্যাপআপ পার্টিতে উপস্থিত ছিলেন ম্রুণাল, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। গেল ১ আগস্ট ম্রুণালের জন্মদিনের পার্টিতেও ধানুশের উপস্থিতি নজর কাড়ে।

যদিও এসব আলোচনা প্রসঙ্গে ম্রুণাল বারবারই বলে এসেছেন, “ধানুশ কেবলই আমার একজন ভালো বন্ধু।” তবু তাদের ঘনিষ্ঠতা নিয়ে অনুরাগীদের আগ্রহ কমেনি।

নিউজ ১৮–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণী সিনেমায় কাজ করতে গিয়েই ধানুশ ও ম্রুণালের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। সম্পর্কটি এখনও নতুন হওয়ায় তারা প্রকাশ্যে আনতে চাইছেন না। তবে একসঙ্গে বাইরে বের হওয়া বা ক্যামেরার সামনে আসতে তাদের কোনো অস্বস্তি নেই। তাদের বন্ধুমহলও এই সম্পর্ককে ইতিবাচকভাবেই দেখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ম্রুণাল ধানুশের দুই বোন কার্তিকা কার্তিক ও বিমলা গীতাকে ইনস্টাগ্রামে ফলো করছেন—যা ভক্তদের কাছে আরও ইঙ্গিতবহ বলে মনে করছেন অনেকেই।

উল্লেখ্য, ধানুশ এর আগে অভিনেতা রজনীকান্তের কন্যা ও নির্মাতা ঐশ্বরিয়া রজনীকান্তকে বিয়ে করেছিলেন। ২০২২ সালে তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন এবং ২০২৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান রয়েছে।

ভালোবাসা দিবসে ধানুশ ও ম্রুণালের বিয়ে সত্যিই হচ্ছে কি না—সে উত্তর পেতে এখন অপেক্ষা ভক্তদের।

Post a Comment