আওয়ামী লীগের শাসনামলে গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের পরিবার সদস্যদের কান্না ও আর্তনাদে ভারি হয়ে ওঠে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। হৃদয়বিদারক এসব বক্তব্য শুনে আবেগ সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবার সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ দৃশ্যের অবতারণা হয়।
এই বক্তব্যের সময় পুরো হলরুমে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। মঞ্চে বসে থাকা তারেক রহমানও নিজেকে ধরে রাখতে পারেননি। টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা যায় তাকে।
অনুষ্ঠানে অংশ নেওয়া মায়েরা বলেন, তাদের সন্তানরা আজও বিশ্বাস করে—একদিন হয়তো হঠাৎ করেই ফিরে আসবেন হারিয়ে যাওয়া বাবা বা ভাই। তারা শুধু প্রিয়জনের সন্ধান এবং দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার চান।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, শেখ হাসিনার শাসনামলে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং আন্তর্জাতিক মানদণ্ডে বিচার নিশ্চিত করা না হলে রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা ফিরবে না।
অনুষ্ঠানজুড়ে কান্না, আর্তনাদ ও নীরব শোকের মধ্য দিয়ে ফুটে ওঠে গুম–খুনে ক্ষতবিক্ষত অসংখ্য পরিবারের দীর্ঘদিনের বেদনা ও অপেক্ষার গল্প।