‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত সভায় সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী

‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত সভায় সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী
মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের প্রান্তিক কৃষকদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং কৃষি প্রণোদনা বিতরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও আধুনিক করার লক্ষ্যে এই কার্ড চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, প্রকৃত কৃষকদের শনাক্তকরণ এবং তাদের কাছে সরাসরি সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। তাই কৃষকদের জীবনমান উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকরা যাতে ন্যায্য পাওনা ও সরকারি ভর্তুকি সহজে পান, তা নিশ্চিত করতেই এই স্মার্ট কার্ড ব্যবস্থা চালু করা হচ্ছে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তারা কৃষক কার্ডের কারিগরি দিক, বিতরণ পদ্ধতি এবং ডাটাবেজ তৈরির অগ্রগতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে এই কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।